ট্রাম্পের দুর্গ ফ্লোরিডায় ডেমোক্র্যাটদের চমক

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:০৭ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ এলাকা এবং বিখ্যাত মার-এ-লাগো রিসোর্ট সংলগ্ন ফ্লোরিডার একটি গুরুত্বপূর্ণ স্টেট লেজিসলেটিভ আসনে বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত বিশেষ উপ-নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী এমিলি গ্রেগরি।

দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের দখলে থাকা এই আসনটি ডেমোক্র্যাটদের অনুকূলে চলে আসাকে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে একটি বড় সংকেত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে এই আসনে রিপাবলিকানরা ১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল। তবে এবারের নির্বাচনে এমিলি গ্রেগরি প্রায় ২.৪ শতাংশ বা ৭৯৭ ভোটের ব্যবধানে ট্রাম্পের পছন্দের প্রার্থী জন মেপলসকে পরাজিত করেছেন।

নির্বাচনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জন মেপলসের পক্ষে জোরালো প্রচার চালিয়েছিলেন এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এমনকি ট্রাম্প নিজে ডাকযোগে (Mail-in ballot) এই নির্বাচনে ভোট দেন। তাসত্ত্বেও নিজের বাড়ির আঙিনায় এই হার ট্রাম্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ডেমোক্র্যাটিক লেজিসলেটিভ ক্যাম্পেইন কমিটির প্রেসিডেন্ট হেদার উইলিয়ামস এই বিজয়কে উদযাপন করে বলেন, "যদি মার-এ-লাগোই সুরক্ষিত না থাকে, তবে আগামী নভেম্বরে কী হতে পারে তা কল্পনা করুন।" তিনি আরও জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে এটি ২৯তম আসন যা ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিল।

বিজয়ী এমিলি গ্রেগরি পেশায় একজন উদ্যোক্তা এবং ফিটনেস কোম্পানির মালিক। রাজনীতিতে এটিই ছিল তার প্রথম পদার্পণ। জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি একে একটি "অলৌকিক অভিজ্ঞতা" বলে বর্ণনা করেন। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির কারণে ভোটাররা রিপাবলিকানদের ওপর ক্ষুব্ধ হয়ে এই পরিবর্তন এনেছেন বলে মনে করছেন ডেমোক্র্যাট নেতারা।

SN
আরও পড়ুন