নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বা অবস্থানরত সকল মার্কিন নাগরিককে দ্রুত ইরাক ত্যাগ করার আহ্বান জানিয়েছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস।

দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ইরাকজুড়ে বিশেষ করে কুর্দি অঞ্চলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি তৈরি হওয়ায় এই কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং এরবিলে থাকা কনস্যুলেট জেনারেলে না যাওয়ার জন্যও নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ইরাকের আকাশসীমায় বর্তমানে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেট হামলার উচ্চ ঝুঁকি বিদ্যমান। এই পরিস্থিতির কারণে ইরাকের আকাশপথ বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

যেসব মার্কিন নাগরিক বর্তমানে ইরাক ছাড়তে ইচ্ছুক, তাদের আকাশপথের পরিবর্তে বিকল্প হিসেবে জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং তুরস্কগামী নিরাপদ স্থলপথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে।

NB
আরও পড়ুন