ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি'র ইঙ্গিতে চাঙা ইউরোপের শেয়ারবাজার

আপডেট : ২২ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ঘিরে আশাবাদে ইউরোপের শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

শুক্রবার (২২ মে) প্যান-ইউরোপিয়ান STOXX 600 সূচক ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬২৩ দশমিক ৭৯ পয়েন্টে পৌঁছায়। এতে সপ্তাহজুড়েই সূচকটি লাভের ধারায় থাকার পথে রয়েছে।

এদিকে সরকারি তথ্যে দেখা গেছে, জুনকে সামনে রেখে জার্মান ভোক্তা আস্থার উন্নতি হয়েছে। পাশাপাশি পৃথক এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতি ০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষের আগে অন্তত দুইবার সুদহার বাড়াতে পারে— এমন প্রত্যাশাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

করপোরেট খাতে বিলাসপণ্য প্রতিষ্ঠান রিচমন্ট এর শেয়ার ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। কার্টিয়ার ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠানটি প্রত্যাশার চেয়ে ভালো চতুর্থ প্রান্তিক আয় প্রকাশ করায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন