যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার ষড়যন্ত্র, দুই ইরানি অভিযুক্ত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে কথিত সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে ব্রিটিশ পুলিশ। হামলাটি বাস্তবায়নের আগেই তা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

অভিযুক্ত দুই ব্যক্তি হলেন ৩৫ বছর বয়সী রহমান সালেহি ও ৩৬ বছর বয়সী সালাম আহমাদিয়ান। ২০ সেপ্টেম্বর ইয়োম কিপুরের আগের দিন ম্যানচেস্টারের নর্দার্ন কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রস্তুত বা এতে সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ব্রিটিশ পুলিশের অভিযোগ, ওই দুই ব্যক্তি বিদেশে থাকা এক তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ওই ব্যক্তি ইরানে অবস্থান করে থাকতে পারেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে কথিত এই ষড়যন্ত্রের পেছনে ইরানি রাষ্ট্র সরাসরি নির্দেশনা দিয়েছে, এমন কোনো প্রমাণ ব্রিটিশ কর্তৃপক্ষ প্রকাশ্যে প্রতিষ্ঠা করেনি।

সন্ত্রাস দমন পুলিশের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়কারী ভিকি ইভান্স বলেন, চলতি সপ্তাহের ঘটনাগুলো ইরান থেকে যুক্তরাজ্যের দিকে আসা বৃহত্তর হুমকির বিষয়টিও সামনে এনেছে।

এর আগে ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছেও পৃথক একটি কথিত ষড়যন্ত্রের ঘটনা সামনে আসে। ২৭ সেপ্টেম্বর ওই ঘাঁটির কাছে পাঁচ ব্রিটিশ নাগরিককে সন্ত্রাসবাদ ও বিস্ফোরকসংক্রান্ত অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয়। কয়েক দিন পর দ্বৈত ব্রিটিশ-ইরানি নাগরিকত্ব থাকা আরেক ব্যক্তিকেও আটক করা হয়।

ইরানকে ঘিরে যুক্তরাজ্যে সন্দেহভাজন গোয়েন্দা তৎপরতার অভিযোগও এর আগে সামনে এসেছে। মার্চে লন্ডনে ইহুদি সম্প্রদায়ের লক্ষ্যবস্তুতে গোয়েন্দা নজরদারি ও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছিল ব্রিটিশ পুলিশ। এর আগে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ জানিয়েছিল, এক বছরের মধ্যে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ২০টি কথিত ষড়যন্ত্র তারা প্রতিহত করেছে।

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে। এর ফলে সংগঠনটির পক্ষে প্রকাশ্য সমর্থন জানানো বা এতে সহায়তা করা যুক্তরাজ্যে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ হয়েছে।

ইরানের অন্যতম শক্তিশালী সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশভিত্তিক কুদস ফোর্স তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক দেখভাল করে। ব্রিটিশ কর্তৃপক্ষের অভিযোগ, ইউরোপে ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি বা ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় কুদস ফোর্সের সদস্যরা জড়িত।

ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, কুদস ফোর্সের সদস্যরা ইসলামি মুভমেন্ট অব কম্প্যানিয়ন্স অব দ্য রাইট নামে একটি সংগঠনের পেছনে ছিল। সংগঠনটি চলতি বছর যুক্তরাজ্যে ফারসি ভাষার সংবাদমাধ্যম এবং ইহুদি ও ইসরায়েল-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সাতটি হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসব ঘটনার মধ্যে গত ২৩ মার্চ উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদিদের জরুরি চিকিৎসা সেবাদাতা প্রতিষ্ঠান হাতজোলার চারটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার ঘটনাও রয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ ঘটনাটিকে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগ হিসেবে বর্ণনা করেছে।

তবে ম্যানচেস্টারের বর্তমান মামলায় ইরানি রাষ্ট্র সরাসরি জড়িত ছিল কি না, সে বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ এখনো প্রকাশ্যে কোনো চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করেনি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত