পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নজিরবিহীন রাজনৈতিক নাটকীয়তা শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের শক্ত ঘাঁটি বা দুর্গ হিসেবে পরিচিত ‘ভবানীপুর’ আসনেই তিনি পরাজয়ের শঙ্কায় পড়েছেন। ১৬ রাউন্ড ভোট গণনা শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চেয়ে ৫৩৮ ভোটে পিছিয়ে রয়েছেন।
সোমবার (৪ মে) সকাল থেকেই ভবানীপুরে মমতা ও শুভেন্দুর মধ্যে স্নায়ুযুদ্ধের লড়াই চলছিল। শুরুর দিকে মমতা কিছুটা লিড দিলেও বিকেলের পর চিত্র বদলে যায়। ১৬ রাউন্ড শেষে শুভেন্দু এগিয়ে যাওয়ায় তৃণমূল শিবিরে উদ্বেগ ছড়িয়েছে। বর্তমানে আরও ৪ রাউন্ড গণনা বাকি।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাদের এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং ইচ্ছে করে প্রক্রিয়া ব্যাহত করা হচ্ছে। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর এজেন্টরা পাল্টা অভিযোগ করেছেন যে তৃণমূল কর্মীরা গণনা কেন্দ্রের বাইরে অশান্তি তৈরির চেষ্টা করছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৫টিতে এগিয়ে থেকে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পথে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ৮২টি আসনে এগিয়ে আছে। গত নির্বাচনের তুলনায় তৃণমূলের আসন এক ধাক্কায় ১৩২টি কমে গেছে। বামপন্থী সিপিএম ও কংগ্রেস মাত্র ২িটি করে আসনে লড়ছে।
বিজেপির এই ‘অভাবনীয় জয়’-এর পর এক্স-এ (সাবেক টুইটার) বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! জনশক্তির জয় হয়েছে এবং সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।’
তিনি আরও আশ্বস্ত করেন যে, বিজেপি সরকার সমাজের প্রতিটি স্তরের মানুষের মর্যাদা ও সুশাসন নিশ্চিত করবে।
শুভেন্দু অধিকারীসহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা শেষ’।
তবে তৃণমূল সুপ্রিমো এখনই পরাজয় মানতে নারাজ। তার দাবি, অনেক জায়গায় গণনায় কারচুপি হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে হেরেছিলেন মমতা। এবার ভবানীপুর কেন্দ্রটি মমতার জন্য অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে গেরুয়া আবির মেখে বিজয় মিছিল শুরু করেছে বিজেপি কর্মীরা। নবান্নের পরবর্তী অধ্যায় কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে পুরো ভারত। সূত্র: দ্য ওয়াল
মমতার গাড়ি দেখে মারমুখী বিজেপি কর্মীরা, ‘চোর-চোর’ স্লোগান
পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে: মোদি
কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী
‘খেলা শেষ’, তৃণমূলকে বিজেপির বার্তা