লারিজানি নিহতের জোর গুঞ্জনের মধ্যেই এক্স অ্যাকাউন্টে ‘রহস্যময় পোস্ট’

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম

ইরানের অন্যতম শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার (১৬ মার্চ) রাতে তেহরানে এক ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ লারিজানি নিহত হয়েছেন বলে জানান।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই লারিজানির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি হাতে লেখা নোট বা চিঠির ছবি প্রকাশিত হয়েছে। তেহরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় এই পোস্টটি নতুন ধরনের রহস্য সৃষ্টি করেছে।

লারিজানির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হাতে লেখা নোটটি মূলত সম্প্রতি মার্কিন হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণে লেখা। মঙ্গলবার (১৭ মার্চ) তাদের দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নোটে তিনি লিখেছেন, 'ইরানের নৌবাহিনীর বীর শহীদদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে, তাদের স্মৃতি চিরকাল ইরানি জাতির হৃদয়ে অমর হয়ে থাকবে। এই শাহাদাত সশস্ত্র বাহিনীর কাঠামোতে ইরানি সেনাবাহিনীর ভিত্তিকে আগামী বহু বছর ধরে আরও শক্তিশালী করবে। আমি মহান আল্লাহর কাছে এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করছি।'

দাবিটি সত্য হলে এটি চলমান যুদ্ধে আরেকটি উচ্চপর্যায়ের হত্যাকাণ্ড হিসেবে ধরা হতো। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

লারিজানিকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল তেহরানে আয়োজিত আল-কুদস দিবসের সমাবেশে, যেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মিছিলে অংশ নেন। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন