লেবাননে ‘যুদ্ধবিরতি’ চলাকালেই ১১০০ টার্গেটে হামলা

আপডেট : ১২ মে ২০২৬, ১২:৪৯ পিএম

লেবাননের সঙ্গে ‘যুদ্ধবিরতি সমঝোতা’ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির ১,১০০-এর বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এই হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত ৩৫০ জন সদস্য নিহত হয়েছেন বলে মঙ্গলবার (১২ মে) দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

গত ১৬ এপ্রিল থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কথিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। ইসরায়েল ক্রমাগত তাদের হামলা অব্যাহত রেখেছে এবং হিজবুল্লাহও তার পাল্টা জবাব দিচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো লেবাননে হিজবুল্লাহর ভবন, অস্ত্রাগার এবং বিভিন্ন অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

গত ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরায়েলের এই সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে চরম সংকটে পড়েছে মানবিক পরিস্থিতি। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ২,৮৪৬ জন প্রাণ হারিয়েছেন।
যুদ্ধের এমন ভয়াবহতায় লেবাননজুড়ে ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

যদিও আন্তর্জাতিক মহল থেকে বারবার কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে, তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এই নতুন পরিসংখ্যান প্রমাণ করে যে, মাঠ পর্যায়ে সংঘাত কমার পরিবর্তে আরও তীব্র হচ্ছে। হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলার দাবি করলেও অধিকাংশ হামলায় বেসামরিক জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। লেবাননজুড়ে এখন কেবল ধ্বংসস্তূপ আর বাস্তুচ্যুত মানুষের হাহাকার।

SN
আরও পড়ুন