সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর নির্ধারিত প্রদর্শনী শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বিরোধিতা, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি প্রত্যাহার এবং প্রশাসনিক অসহযোগিতার অভিযোগকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয় আয়োজক সংগঠন।
শুক্রবার (২৯ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী স্থগিতের ঘোষণা দেয়।
আগামী শনিবার (৩০ মে) বিকেল ৩টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে চলচ্চিত্রটি প্রদর্শনের কথা ছিল। তবে আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে কক্ষ ব্যবহারের অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় নির্ধারিত সময়ে প্রদর্শনী আয়োজন সম্ভব হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে নতুন ভেন্যু নির্ধারণ করে প্রদর্শনীর নতুন তারিখ ঘোষণা করা হবে।
আয়োজক সংগঠনের সদস্য তওজা খন্দকার জানান, পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে প্রদর্শনীর অনুমতি নেওয়া হয়েছিল। তবে পরে সামাজিক মাধ্যমে বিরোধিতা শুরু হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
অন্যদিকে কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আয়োজনের বিরুদ্ধে অবস্থান জানানো হয়। সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়াকে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের শহর হিসেবে উল্লেখ করে এ ধরনের কার্যক্রমের বিরোধিতা করে।
এ বিষয়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, স্কুলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমা প্রদর্শনের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
সব হাত গিটার ধরে না, কোনো কোনো হাত বিপ্লব ঘটায়'