আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

কর্পোরেট সফর, পর্যটন, ব্যক্তিগত যাত্রা ও জরুরি চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করতে বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘আকিজ এভিয়েশন লিমিটেড’। নিরাপদ ও সময়-সাশ্রয়ী যাত্রার লক্ষ্য নিয়ে প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার বহরে যুক্ত করে এই সেবা শুরু করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, যাত্রীদের দ্রুত ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট এবং দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে। বহরের মধ্যে রোগী পরিবহনের জন্য একটি 'বেল-৫০৫' মডেলের হেলিকপ্টার এবং সাধারণ যাত্রী পরিষেবার জন্য দুটি 'রবিনসন-৬৬' মডেলের হেলিকপ্টার রয়েছে।

এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আকিজ এভিয়েশনের পরিচালনায় ও আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসায় বিনামূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ সচল রাখা হয়েছে।

আকিজ এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের দ্রুত যাতায়াতের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে জরুরি উদ্ধার কাজ, মুমূর্ষু রোগী পরিবহন, নাটক-সিনেমার শুটিং, রাজনৈতিক সফর, বিবাহ অনুষ্ঠানে বরযাত্রী পরিবহন কিংবা ব্যক্তিগত প্রয়োজনে হেলিকপ্টারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মেটাতে তাদের সেবা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

যেকোনো বাণিজ্যিক ভ্রমণ কিংবা জরুরি রোগী পরিবহনের সংক্রান্ত তথ্যের জন্য ০১৭১৩-৪৮৮৪০৪, ০১৭১৩-৪৮৮৪০৫ ও ০১৭১৩-৪৮৮৪০৬ নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত