সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ এএম

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। একই সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমইউ
আরও পড়ুন