শাহবাগের ফুটপাত থেকে নতুন ঘরে গোলাপি বেগম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন বসবাস করা গোলাপি বেগম অবশেষে পেলেন স্থায়ী ঠিকানা। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তার জন্য নির্মিত নতুন বাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে গোলাপি বেগমের পুনর্বাসনের অংশ হিসেবে বাড়িটি নির্মাণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে বাড়ির চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং সংগঠনটির উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তাঁকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় তার থাকার ব্যবস্থাও করা হয়েছিল বলে জানানো হয়েছে।

পরবর্তী সময়ে স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য নবীনগরের রতনপুর গ্রামে তার জন্য বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গত এপ্রিল মাসে বাড়িটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছিল।

শুক্রবারের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ ছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদাত হোসেনসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য। তাদের দাবি, মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে গোলাপি বেগমের জন্য এই বাড়ি নির্মাণ করা হয়েছে।

শাহবাগের ফুটপাতে অনিশ্চিত জীবন কাটানোর পর নিজের গ্রামে নতুন বাড়ি পাওয়ায় গোলাপি বেগমের জন্য এটি স্থায়ীভাবে ঘরে ফেরার সুযোগ তৈরি হলো।

এম.সি. এইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত