মহাবিশ্বের প্রায় প্রতিটি বড় ছায়াপথের (গ্যালাক্সি) কেন্দ্রেই রয়েছে একটি অতিভরী কৃষ্ণগহ্বর বা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। আমাদের সৌরজগতের অবস্থান যে মিল্কিওয়ে ছায়াপথে, তার কেন্দ্রেও রয়েছে এমন একটি কৃষ্ণগহ্বর। এর নাম স্যাজিটেরিয়াস এ (Sagittarius A*)। এর ভর সূর্যের ভরের ৪০ লাখ গুণেরও বেশি। তবে বিজ্ঞানীদের কাছে এখনো বড় একটি প্রশ্নের উত্তর স্পষ্ট নয়—মহাবিশ্বে আগে কৃষ্ণগহ্বরের জন্ম হয়েছিল, নাকি তাদের ঘিরে থাকা ছায়াপথের?
জ্যোতির্বিজ্ঞানীরা একসময় মনে করতেন, ছায়াপথের জন্ম আগে হয়েছে। কিন্তু সাম্প্রতিক পর্যবেক্ষণে সেই ধারণা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিজ্ঞানীদের মতে, মহাবিশ্বের একেবারে শুরুর দিকে তৈরি হওয়া কিছু কৃষ্ণগহ্বরের ভর এত বেশি যে, সেগুলোর জন্ম ও বেড়ে ওঠার প্রচলিত ব্যাখ্যা দিয়ে সবকিছু বোঝানো যাচ্ছে না।
প্রচলিত ধারণায় চ্যালেঞ্জ
কয়েক দশক ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল, প্রথমে ছায়াপথ তৈরি হয়। পরে বড় নক্ষত্রের মৃত্যুতে কৃষ্ণগহ্বরের জন্ম হয়। এসব কৃষ্ণগহ্বর একে অপরের সঙ্গে মিশে এবং আশপাশের পদার্থ শোষণ করে ধীরে ধীরে আরও বড় হতে থাকে। একপর্যায়ে এগুলোর ভর সূর্যের ভরের কয়েক লাখ বা কয়েক কোটি গুণে পৌঁছাতে পারে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃপদার্থবিজ্ঞানের অধ্যাপক জোসেফ সিল্ক এই প্রচলিত ধারণার কথা তুলে ধরেছেন।
তবে সাম্প্রতিক বছরগুলোতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) মহাবিশ্বের অতীতের আরও গভীরে পর্যবেক্ষণ শুরু করেছে। এর মাধ্যমে এমন কিছু কৃষ্ণগহ্বরের সন্ধান পাওয়া গেছে, যেগুলোর জন্ম মহাবিস্ফোরণের মাত্র কয়েক শ কোটি নয়, বরং কয়েক শ মিলিয়ন বছর পরই হয়েছিল এবং সেগুলোর ভরও অত্যন্ত বেশি।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃপদার্থবিজ্ঞানের অধ্যাপক রবার্তো মাইওলিনো বলেন, সাম্প্রতিক পর্যবেক্ষণ প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে। অন্তত এটুকু স্পষ্ট হচ্ছে যে, ছায়াপথ আগে তৈরি হয়েছে—এমন ধারণা দিয়ে মহাবিশ্বের সব কৃষ্ণগহ্বরের ইতিহাস ব্যাখ্যা করা সম্ভব নয়।
আরও বিস্ময়কর বিষয় হলো, প্রাচীন মহাবিশ্বের কিছু কৃষ্ণগহ্বর তাদের আশপাশের ছায়াপথের তুলনায় অস্বাভাবিক বড়। মাইওলিনোর মতে, কাছাকাছি মহাবিশ্বের ছায়াপথগুলোতে সাধারণত কেন্দ্রীয় কৃষ্ণগহ্বরের ভর পুরো ছায়াপথের তুলনায় অনেক কম—প্রায় এক হাজার ভাগের এক ভাগ। কিন্তু প্রাচীন মহাবিশ্বের কিছু কৃষ্ণগহ্বরের ভর তাদের ছায়াপথের নক্ষত্রগুলোর মোট ভরের কাছাকাছি বলে মনে হচ্ছে।
*নেচার* সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় মাইওলিনো ও তাঁর সহকর্মীরা অ্যাবেল ২৭৪৪-কিউএসও১ (Abell2744-QSO1) নামের একটি মহাজাগতিক বস্তুর কৃষ্ণগহ্বরের ভর সরাসরি পরিমাপ করেন। তাঁদের পর্যবেক্ষণে দেখা যায়, ওই বস্তুর মোট ভরের বড় অংশই কৃষ্ণগহ্বরটির দখলে।
এত বড় কৃষ্ণগহ্বরের জন্ম কীভাবে?
বিজ্ঞানীরা মনে করছেন, অতিভরী কৃষ্ণগহ্বর তৈরির পেছনে একাধিক প্রক্রিয়া কাজ করতে পারে।
একটি সম্ভাবনা হলো, সাধারণ নক্ষত্রের মৃত্যুর পর তৈরি হওয়া কৃষ্ণগহ্বর অস্বাভাবিক দ্রুতগতিতে বেড়ে বিশাল আকার ধারণ করেছে। আরেকটি ধারণা অনুযায়ী, কিছু কৃষ্ণগহ্বর জন্ম থেকেই তুলনামূলক বড় ছিল। বিশাল গ্যাসের মেঘ সরাসরি ধসে পড়ার মাধ্যমে এসব কৃষ্ণগহ্বর তৈরি হতে পারে। এতে শুরু থেকেই তাদের ভর বেশি থাকে এবং দ্রুত বেড়ে ওঠার সুযোগ তৈরি হয়।
আরেকটি সম্ভাবনা হলো, আদিম কৃষ্ণগহ্বর থেকেই এসব বিশাল কৃষ্ণগহ্বরের সৃষ্টি। মহাবিস্ফোরণের অল্প সময় পর, প্রথম নক্ষত্র ও ছায়াপথ তৈরির আগেই এমন কৃষ্ণগহ্বরের জন্ম হয়ে থাকতে পারে।
কৃষ্ণগহ্বর ও ছায়াপথের পারস্পরিক প্রভাব
কৃষ্ণগহ্বর ও ছায়াপথের সম্পর্ক একমুখী নয়। একটি কৃষ্ণগহ্বর বড় হওয়ার সময় বিপুল শক্তি নির্গত করতে পারে। এই শক্তি আশপাশের গ্যাসকে উত্তপ্ত করে ছড়িয়ে দিতে পারে। ফলে নতুন নক্ষত্র তৈরির প্রক্রিয়া ধীর হয়ে যায়, এমনকি বন্ধও হতে পারে।
তবে এর বিপরীত ঘটনাও ঘটতে পারে। কৃষ্ণগহ্বরের প্রভাবে গ্যাস সংকুচিত হলে নতুন নক্ষত্র তৈরির প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা থাকে।
মাইওলিনোর মতে, ছায়াপথ ও কৃষ্ণগহ্বর তাদের পুরো বিবর্তনের সময় একে অপরকে প্রভাবিত করে। তাই একটিকে বাদ দিয়ে অন্যটির গঠন ও বিকাশ পুরোপুরি বোঝা সম্ভব নয়।
জোসেফ সিল্ক বলেন, এই পারস্পরিক প্রভাব সব ছায়াপথে একই রকম নয়। বিশাল উপবৃত্তাকার ছায়াপথগুলোর কেন্দ্রে থাকা কয়েক শ কোটি সূর্যের সমান ভরের কৃষ্ণগহ্বরের ইতিহাসে বড় ধরনের সংঘর্ষ ও অস্থিরতার প্রভাব থাকতে পারে। এসব ঘটনা ছায়াপথের বিকাশ সীমিত করতেও ভূমিকা রেখেছে। অন্যদিকে, মিল্কিওয়ের মতো সর্পিল ছায়াপথে নক্ষত্র থেকে নির্গত শক্তির প্রভাব তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।
উত্তর পেতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন
কৃষ্ণগহ্বর আগে, নাকি ছায়াপথ এই প্রশ্নের নিশ্চিত উত্তর পেতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আরও তথ্য প্রয়োজন। জোসেফ সিল্কের মতে, এখন পর্যন্ত বিজ্ঞানীদের হাতে এ ধরনের কয়েক ডজন বস্তুর পর্যবেক্ষণ রয়েছে। সংখ্যা ২০, ৩০ কিংবা ৪০-এর মতো। কিন্তু কৃষ্ণগহ্বরের অস্বাভাবিক বড় ভর কোনো সাধারণ বৈশিষ্ট্য, নাকি বিশেষ কিছু বস্তুর ক্ষেত্রে দেখা যাচ্ছে, তা বুঝতে আরও বেশি নমুনা দরকার।
সিল্কের ব্যাখ্যা অনুযায়ী, মহাবিশ্বের যত দূর অতীতে তাকানো হবে, যদি দেখা যায় কৃষ্ণগহ্বরের ভর তাদের ছায়াপথের তুলনায় বেশি, তাহলে কৃষ্ণগহ্বর আগে তৈরি হওয়ার ধারণা জোরালো হবে। আর যদি নক্ষত্রের মোট ভর বেশি দেখা যায়, তাহলে ছায়াপথ আগে তৈরির ধারণার পক্ষে প্রমাণ মিলতে পারে।
তবে মাইওলিনোর মতে, প্রশ্নটি শুধু কোনটি আগে তৈরি হয়েছে, তার মধ্যে সীমাবদ্ধ রাখলে বিষয়টি অতিরিক্ত সরলীকরণ করা হবে। বরং বিভিন্ন সময়ে কৃষ্ণগহ্বর ও ছায়াপথ কীভাবে তৈরি হয়েছে, কীভাবে বেড়েছে এবং একে অপরকে কীভাবে প্রভাবিত করেছে—সেটিই আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বিজ্ঞানীদের ধারণা, সব কৃষ্ণগহ্বর একই প্রক্রিয়ায় তৈরি হয়নি। মহাবিশ্বের ভিন্ন সময় ও পরিবেশে এগুলোর জন্ম এবং বিকাশের পথও ভিন্ন হতে পারে। তাই আপাতত কৃষ্ণগহ্বর ও ছায়াপথের মধ্যে কে আগে এসেছে, সেই মহাজাগতিক রহস্যের নিশ্চিত সমাধান মেলেনি।
সূত্র: লাইভ সায়েন্স
রক্তচাপ স্বাভাবিক রাখতে দিনে কতটুকু পানি পান করা উচিত?
ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৮, আহত ৩৪
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ