যুদ্ধ ছেড়ে শান্তির পথে, কলম্বিয়ায় প্রায় ১০০ গেরিলার অস্ত্র সমর্পণ

আপডেট : ১৯ জুন ২০২৬, ০২:০৭ পিএম

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলের একটি জঙ্গল এলাকায় বৃহস্পতিবার (১৮ জুন) প্রায় ১০০ জন গেরিলা অস্ত্র জমা দিয়েছে। এটি বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সঙ্গে একটি চুক্তির অংশ। গুস্তাভো সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো বিভাগের জঙ্গলে ন্যাশনাল কো-অর্ডিনেটিং কমিটি অব দ্য বলিভারিয়ান আর্মির ৯৯ জন বিদ্রোহী তাদের অস্ত্র অস্ত্র জমা দেন। এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্ধারণে মাত্র তিন দিন পর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই উদ্যোগকে প্রেসিডেন্ট পেট্রোর ‘পূর্ণ শান্তি’ বা  ‘টোটাল পিস’ পরিকল্পনার সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। যদিও অতীতে তার অন্যান্য শান্তি প্রচেষ্টা সফল হয়নি।

ক্যামোফ্লাজ পোশাক পরা গেরিলারা একটি বড় কনটেইনারে তাদের রাইফেল জমা দেয়, যেখানে লেখা ছিল: ‘আমি জীবনের পক্ষে, আমি শান্তির অঙ্গীকার পূরণ করছি।’

এই পদক্ষেপকে সরকারের সঙ্গে তাদের নিরস্ত্রীকরণ এবং আইনি অবস্থান নির্ধারণ নিয়ে আলোচনার প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এই গোষ্ঠীটি ২০১৬ সালে অস্ত্র ত্যাগ করা ফার্ক বিদ্রোহী গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছিল, যারা প্রায় অর্ধশতাব্দী ধরে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। শান্তি আলোচনায় তারা এখন পর্যন্ত প্রেসিডেন্ট পেট্রোর সরকারের সঙ্গে অগ্রগতি দেখানো একমাত্র সশস্ত্র গোষ্ঠী।

সরকারি শান্তি প্রতিনিধির প্রধান আর্মান্দো নোভোয়া বলেন, ‘এটি কলম্বিয়ার সমাজের জন্য একটি খুব শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বার্তা, বিশেষ করে এমন সময়ে যখন যুদ্ধ নিয়ে এত বেশি উত্তেজনা ও আলোচনা চলছে।’

এদিকে, পেট্রোর ‘পূর্ণ শান্তি’ নীতির ভবিষ্যৎ এখন রাজনৈতিকভাবে অনিশ্চিত অবস্থায় রয়েছে। আগামী রোববার কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে শান্তি নীতির সমর্থক প্রার্থী এবং তার বিরোধী ডানপন্থী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

আগামী ৭ আগস্ট প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বিজয়ীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। সূত্র: বাসস

YA
আরও পড়ুন