ঝাল চিপস খেয়ে হৃৎপিন্ড বিকল হয়ে মৃত্যু 

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:১০ পিএম

সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে মশলাদার ঝাল চিপস খেয়ে মৃত্যু হল কিশোরের। চিপসের মশলায় থাকা মরিচের মধ্যে পাওয়া একটি রাসায়নিক যৌগের উচ্চঘনত্ব ধারণকারী টর্টিলা চিপস খাওয়ার পরেই হৃদরোগে আক্রান্ত হয় ১৪ বছরের ওই কিশোর। এরপরই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গত বছরের সেপ্টেম্বরে। গত ১৬ মে কিশোরের ময়নাতদন্তের রিপোর্টে এই কারণ সামনে এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসের কিশোর হ্যারিস ওলোবাহ গত বছরের সেপ্টেম্বরে অংশ নিয়েছিল ‘ওয়ান চিপ চ্যালেঞ্জে’। এটি একটি সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ ছিল। যেখানে টরটিলা চিপস খেতে হয় প্রতিযোগিদের। এই চিপসে থাকে কারোলিনা রিপার ও নাগা ভাইপার। এই চিপস খাওয়ার সময় পানি বা অন্য কোনও খাবার খাওয়া চলে না। এই চ্যালেঞ্জেই অংশ নিয়েছিল হ্যারিস ওলোবাহ।

সূত্রের খবর, ময়নাতদন্ত রিপোর্ট থেকে স্থানীয় প্রধান মেডিকেল পরীক্ষক নিশ্চিত হয়েছেন যে, ক্যাপসাইসিন নামক একটি মরিচের নির্যাস প্রচুর পরিমাণে খাওয়ার পরেই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয় হ্যারিস। তারপরই মৃত্যু হয়েছে ওই কিশোরের। ময়নাতদন্তের রিপোর্টে আরও বলা হয়েছে, ওই কিশোরের হৃদপিণ্ডটি আকারে বড় হয়ে গেছে। এটাও তার মৃত্যুর কারণ হতে পারে।

হ্যারিসের মৃত্যুর কয়েকদিন পরই দোকানের তাক থেকে এই চিপসের প্যাকেট সরিয়ে ফেলা হয়। শুধু হ্যারিসই নয়, ক্যালিফোর্নিয়ায় স্পাইসি চিপ চ্যালেঞ্জে অংশ নেওয়ার পর আরও তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয় এবং মিনেসোটায় একই কারণে সাতজন অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে।

একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, হ্যারিস ওলোবা নামের ওই কিশোর জন্মগত হার্টের রোগে ভুগছিল। পাকির একজন মুখপাত্র সংবাদমাদ্যমকে জানিয়েছেন, চ্যালেঞ্জটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ছিল। সূত্র: এনবিসি নিউজ, সিবিএস নিউজ।

RY/SA
আরও পড়ুন