ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ২০৮ শিশুর মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত শিশুর সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার এক ভিডিও বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশুদের মধ্যে একটি বড় অংশ যুদ্ধের শুরুতে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-তে দেওয়া বিবৃতিতে জাফর মিয়াদফার জানান, নিহত ২০৮ জন শিশুর মধ্যে ১৬৮ জনই ছিল মিনাব শহরের ওই বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া নিহতদের মধ্যে ১৩ জনের বয়স পাঁচ বছরের কম এবং সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল মাত্র তিন দিন। ইরান সরকারের দেওয়া তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত দেশজুড়ে দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে, ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের ওপর হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরকান্দি। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এ পর্যন্ত অন্তত ৩১৮টি স্বাস্থ্যসেবা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৬টি স্বাস্থ্য কেন্দ্র, ৪৯টি জরুরি সেবা কেন্দ্র এবং ৪০টি হাসপাতাল রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর মধ্যে অন্তত ১২টি বর্তমানে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ধ্বংস হওয়ায় আহতদের উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এই হৃদয়বিদারক খবর প্রকাশ করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

NB/
আরও পড়ুন
সর্বশেষপঠিত