হরমুজ প্রণালীতে মাইনহান্টার পাঠাতে আগ্রহী বেলজিয়াম

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌচলাচল নিরাপদ রাখতে 'মাইনহান্টার' জাহাজ মোতায়েনে আগ্রহ প্রকাশ করেছে বেলজিয়াম। 

সোমবার (৩০ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এক সাক্ষাৎকারে জানান, পরিস্থিতি স্থিতিশীল হলে একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে বেলজিয়াম এই অভিযানে অংশ নিতে পারে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের কাছে এই প্রস্তাব উত্থাপন করেন। ৩২টি দেশের এই জোটে বেলজিয়াম তার সক্ষমতা অনুযায়ী "আনুপাতিক অংশ" নিয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করছে।

তবে পররাষ্ট্রমন্ত্রী প্রেভো স্পষ্ট করে বলেছেন, এই অভিযানে অংশগ্রহণকে ইরানে চলমান মার্কিন-ইসরায়েলি হস্তক্ষেপের সমর্থন হিসেবে দেখা উচিত নয়। তিনি এই হস্তক্ষেপকে "আন্তর্জাতিক আইনের বাইরে" বলে অভিহিত করেন।

বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন, অবাধ সামুদ্রিক চলাচল নিশ্চিত করা তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তবে তিনি শর্ত দিয়েছেন যে, যুদ্ধবিরতির মতো অনুকূল পরিবেশ তৈরি হলেই কেবল তারা এই মোতায়েন সম্পন্ন করবেন।

উল্লেখ্য, গত ২ মার্চ ইরান হরমুজ প্রণালীতে নৌচলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ নেতা আলী খামেনিসহ ব্যাপক প্রাণহানির পর থেকে পুরো অঞ্চলটি এখন চরম উত্তপ্ত। সূত্র: আনাদোলু এজেন্সি

SN
আরও পড়ুন