হরমুজে হুমকির আভাস পেলেই গুলি চালানো হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে শক্ত অবস্থানের বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রণালিতে কোনো হুমকি দেখা দিলে মার্কিন বাহিনী গুলি চালিয়ে তা ধ্বংস করতে দ্বিধা করবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) পেন্টাগনে ব্রিফিংয়ে হেগসেথ দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইরান যেসব জাহাজে হামলা চালিয়েছে এবং দখলে নিয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ছিল না; বরং ‘যেকোনো সাধারণ বাণিজ্যিক জাহাজ’ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তার ভাষায়, অল্প অস্ত্র ও একটি স্পিডবোট থাকলেই যে কেউ এমন হামলা চালাতে পারে, যা পরিস্থিতির ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে।

তিনি আরও জানান, সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র তাড়াহুড়োয় নেই এবং দীর্ঘ সময় ধরে কৌশলগত অবস্থান ধরে রাখার সক্ষমতা তাদের রয়েছে। একই সঙ্গে ইরানের জন্য এখনো একটি ‘সুযোগের জানালা’ খোলা আছে বলেও মন্তব্য করেন তিনি। সেই সুযোগ কাজে লাগাতে হলে ইরানকে অর্থবহ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে হবে বলে শর্ত দেন তিনি।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, যদি ইরানের কোনো দ্রুতগামী নৌযান সমুদ্রে মাইন পেতে বা হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত করার চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করতে হবে। সূত্র: বিবিসি

AS
আরও পড়ুন