ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত লে পর্জ গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টির বেশি অবিস্ফোরিত গোলা ও যুদ্ধাস্ত্র উদ্ধার করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল। দাবানলের পর বিস্ফোরণের শব্দ শোনার পর অভিযান চালিয়ে এসব গোলাবারুদ শনাক্ত করা হয়।
সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিল প্রোটেকশনের বিশেষজ্ঞদের সহায়তায় পরিচালিত অভিযানে ৪০০টিরও বেশি গোলা ও বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে।
বোর্দোর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের প্রধান ফিলিপ ডেলেমোত্তে বলেন, দাবানলের তীব্র তাপে মাটির নিচে চাপা থাকা কয়েকটি গোলা বিস্ফোরিত হওয়ায় সেগুলোর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি জানান, উদ্ধার হওয়া গোলার মধ্যে ফরাসি ও জার্মান উভয় বাহিনীর ব্যবহৃত মর্টার শেল রয়েছে। এসব গোলাবারুদ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়েছিল।
গত জুলাইয়ে ভয়াবহ দাবানলে লে পর্জ গ্রামের প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুনে ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় এক লাখ ৬০ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে নদ-নদীর পানির স্তর কমে যাওয়ায় হাঙ্গেরিসহ কয়েকটি দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা ও অন্যান্য সামরিক সরঞ্জামও নতুন করে দৃশ্যমান হচ্ছে। সূত্র: সিএনএন
বিজেপির ৩৫ বছরের দুর্গে ফাটল : বিহারে প্রশান্ত কিশোরের বিজয়
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় তিন শিশুসহ নিহত ৭, আহত ৪০
হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল