ক্যানসারের কাছে হার মানলেন

অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৩৯ এএম

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের প্রবীণ ও প্রভাবশালী খল অভিনেতা প্রদীপ রাওয়াত।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই গুণী অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর।

উন্নত চিকিৎসার জন্য ১০ দিন আগে তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল থেকে ভিওয়ান্দির একটি ক্যানসার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

তিনি পরিবারে স্ত্রী ও সন্তান বিক্রমাদিত্যকে রেখে গেছেন। তাঁর প্রয়াণে সহশিল্পী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি প্রকাশ্যে এনে ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন অভিনেতা যশপাল শর্মা।

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালম সিনেমায় শক্তিশালী অভিনয়ের ছাপ রেখে গেছেন প্রদীপ রাওয়াত।

২০০৫ সালের তামিল ব্লকবাস্টার ‘গজনি’ ছবিতে নিষ্ঠুর ভিলেন চরিত্রে অভিনয় করে তিনি দারুণ পরিচিতি পান। এই চরিত্রে তাঁর অসামান্য অভিনয়ের কারণে ২০০৮ সালে আমির খানের বিপরীতে হিন্দি রিমেকেও তাঁকে ফিরিয়ে আনা হয়।

এর আগে ২০০১ সালে আমির খানের অমর সৃষ্টি ‘লাগান’ চলচ্চিত্রেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন প্রদীপ।

তবে আশির দশকে বি আর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ দ্রোণাচার্যের ছেলে ‘অশ্বত্থামা’ চরিত্রে অভিনয় করে প্রথম ঘরোয়া জনপ্রিয়তা পান তিনি। ১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটেছিল।

পরবর্তীকালে এস এস রাজামৌলির ২০০৪ সালের জনপ্রিয় তেলেগু ছবি ‘সায়’-এর মাধ্যমে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে এই অভিনেতার।

পরবর্তীতে ‘সরফরোশ’, ‘দ্য হিরো’, ‘স্ট্যালিন’, ‘বীরাম’, ‘সাররাইনোডু’ ও ‘নেনে রাজু নেনে মন্ত্রী’-র মতো বহু সফল চলচ্চিত্রে অভিনয় করে খলনায়ক হিসেবে নিজের অবস্থান সুসংগঠিত করেন তিনি।

সূত্র: এনডিটিভি

HN
আরও পড়ুন