ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা ও অনিশ্চিত পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম ফের লাফিয়ে বাড়ছে। সোমবার বড় ধরনের পতনের পর মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম পুনরায় প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার সকালে এশীয় বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২ শতাংশ বেড়ে হয়েছে ৯১.৫৫ ডলার।
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন এবং তেহরানের সঙ্গে আলোচনাকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেন। এই ঘোষণার পর তেলের দাম ১০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছিল।
তবে তেলের দাম ফের বাড়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে তেহরানের সাম্প্রতিক বক্তব্যকে। ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি। এই পরস্পরবিরোধী বার্তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের বাজারে।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবং প্রধান শক্তিগুলোর মধ্যে আলোচনার ধোঁয়াশা কাটলে তবেই তেলের বাজার স্থিতিশীল হতে পারে। ততক্ষণ পর্যন্ত বিশ্বজুড়ে জ্বালানি মূল্যের এই অস্থিরতা বজায় থাকার আশঙ্কা রয়েছে। সূত্র: বিবিসি
জ্বালানি তেলের দাম কমলো 
