যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাত তীব্র হয়েছে। ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনায় নতুন দফা মার্কিন হামলার পর জর্ডান, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সক্ষমতা, মাইন স্থাপনের অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের তৎপরতার জবাবেই এই অভিযান পরিচালিত হয়।
এরপর ইরানের আইআরজিসি পাল্টা হামলা শুরু করে। ইরানি সূত্রের দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি এবং একটি মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্য করে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এ ছাড়া বাহরাইনসহ পারস্য উপসাগরীয় অঞ্চলেও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা নিহত হওয়ার খবর নেই।
নতুন করে সংঘাতের কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। সোমবার সৌদি ও দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারও হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ড সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। অন্যদিকে ওয়াশিংটন দাবি করছে, তারা আন্তর্জাতিক নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ওই অঞ্চলে অভিযান চালাচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আরও পাল্টা হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তেহরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে কয়েক সপ্তাহের তুলনামূলক বিরতির পর নতুন করে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা বাড়ছে।
সূত্র: আল জাজিরা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ জেলায় সংঘর্ষ, আহত শতাধিক
ইমামের ঘরে বিস্ফোরণে উড়ে গেলো টিনের চাল
চট্টগ্রামে গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত